বড় পরাজয়ের পর ভারতের সেমিফাইনালে ওঠার সমীকরণ কী?

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম

টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচ হেরে এখন কঠিন সমীকরণের মুখে ভারত। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে ভারতের সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই জটিল হয়ে গেছে। একই গ্রুপের অন্য ম্যাচে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়ে শীর্ষে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে গ্রুপ–১ এ এখন ওয়েস্ট ইন্ডিজ প্রথম, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় এবং ভারত নেমে গেছে তৃতীয় স্থানে। বড় হারের কারণে ভারতের নেট রান রেটও মারাত্মকভাবে কমে গেছে।

অধিনায়ক সূর্যকুমার যাদবর নেতৃত্বে ম্যাচে ব্যাটিং–বোলিং দুই বিভাগেই পিছিয়ে পড়ে ভারত। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ১৮৭ রান তোলে। দলের হয়ে ডেভিড মিলার ৬৩ রান করেন, আর ডেওয়াল্ড ব্রেভিস দ্রুত ৪৫ রান যোগ করে ইনিংসে গতি এনে দেন।

ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৩ উইকেট নিলেও অন্য বোলাররা রান আটকাতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ভারত। মিডল অর্ডার ভেঙে দেন মার্কো ইয়ানসেন, তিনি নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত মাত্র ১১১ রানেই অল-আউট হয়ে যায় ভারত।

সেমিফাইনালে উঠতে এখন ভারতের সামনে একাধিক সমীকরণ আছে। যদি ভারত বাকি ২ ম্যাচ জেতে, তবে তাদের পয়েন্ট হবে ৪। সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা সব ম্যাচ জিতলে ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠতে পারে। দক্ষিণ আফ্রিকা এক ম্যাচ হারলে ৩ দলের সমান ৪ পয়েন্ট হবে। তখন নেট রান রেট নির্ধারণ করবে কারা যাবে শেষ চারে। দক্ষিণ আফ্রিকা যদি বাকি ২ ম্যাচই হারে, তাহলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠবে।

যদি ভারত মাত্র ১ ম্যাচ জেতে, সে ক্ষেত্রে অন্যদের ফলাফল যাই হোক, ভারতের বিদায় নিশ্চিত। সুপার এইটের শুরুতেই বড় হার ভারতের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এখন তাদের সামনে ভুলের সুযোগ প্রায় নেই বললেই চলে। ব্যাটিংয়ে ধারাবাহিকতা ও বোলিংয়ে নিয়ন্ত্রণ ফেরাতে না পারলে শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে দ্রুতই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত