ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে মেজর সকার লিগের (এমএলএস) নীতিমালা লঙ্ঘন করার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। মৌসুমের প্রথম ম্যাচে লস এঞ্জেলেস এফসি’র কাছে ৩-০ পরাজয়ের পর রেফারিদের সঙ্গে মেসির বাকবিতন্ডার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে মেসির শাস্তির আশঙ্কা করছিলেন কেউ কেউ।
আলোচিত সেই ভিডিওতে দেখা যায়, ৩৮ বছর বয়সী মেসি ম্যাচ শেষে রেফারিদের দিকে তেড়ে যান। কিন্তু পরে কয়েক সেকেন্ডের মধ্যেই ফিরে আসেন এবং নিজ ক্লাবের লকাররুমে যান। সতীর্থ লুইস সুয়ারেজ তাকে থামানোর চেষ্টা করেন। এমএলএস কর্তৃপক্ষ ভিডিওটি পর্যালোচনা করে নিশ্চিত করেছে যে, মেসি স্টেডিয়ামের কোনো নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেননি এবং রেফারির লকাররুমে যাননি।
এই তদন্তের সত্যতা পেশাদার রেফারি অর্গানাইজেশনও নিশ্চিত করেছে। সংগঠনের কমিউনিকেশন ডিরেক্টর ক্রিস রিভেট বলেছেন, ‘ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর আমরা নিশ্চিত করতে পারি যে, লিওনেল মেসি কোনোভাবেই কর্মকর্তাদের লকাররুমে প্রবেশ করেননি।’
আলোচিত ম্যাচটিতে লস এঞ্জেলেসের কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। উদ্ভুত ঘটনা নিয়ে ম্যাচের পর মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো সাংবাদিকদের জানান, ‘না, না, আমি কিছু দেখিনি। সত্যি কথা হলো, ম্যাচ শেষ হয়েছিল এবং তারপর আমি লকাররুমে গিয়েছিলাম।’
অতিরিক্ত গতির কারণে ড্রাইভিং নিষেধাজ্ঞায় ম্যান ইউ তারকা
অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতের পতন ডেকে এনেছে: সুনীল গাভাস্কার