দীর্ঘ এক বছরের বেশি সময় পর সীমান্তবর্তী শহর শিলিগুড়ি–তে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত স্বাভাবিক হতে শুরু করেছে। রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে জারি করা ‘বাংলাদেশ বয়কট’ সিদ্ধান্ত থেকে সরে এসে হোটেল মালিকরা বাংলাদেশিদের জন্য পুনরায় সেবা চালুর ঘোষণা দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এতে দুই দেশের পর্যটন ও ব্যবসায় ইতিবাচক বার্তা যাবে।
গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ারস এসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সদস্য হোটেল মালিকদের ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, বাংলাদেশে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পাশাপাশি ভারত-বাংলাদেশ বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্কেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশে ভারতবিরোধী প্রচার ও সংখ্যালঘু নির্যাতনের ঘটনা কমেছে বলেও তারা উল্লেখ করেন। এসব বিবেচনায় ‘বাংলাদেশ বয়কট, বাংলাদেশি বয়কট’ ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও ভারতবিরোধী মনোভাবের অভিযোগ তুলে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে গেলে ২০২৫ সালের ডিসেম্বর তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়।
এদিকে বাংলাদেশ উপদূতাবাস কলকাতা সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দিল্লি ও আগরতলার সঙ্গে সমন্বয় করে শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার পুনরায় চালুর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই সেখানে কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে।
