ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানে একটি সামরিক হেলিকপ্টার ফলের বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি দোরচেহ শহরে বিধ্বস্ত হলে সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। জরুরি সেবা বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় পাইলট, কো-পাইলট এবং বাজারের দুই ব্যবসায়ী নিহত হন।
বিশেষজ্ঞদের মতে, ইরানের বিমান নিরাপত্তা রেকর্ড দুর্বল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা বহু পুরোনো উড়োজাহাজ এখনও ব্যবহৃত হচ্ছে, যেগুলোর রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় মূল খুচরা যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। ফলে দেশটিতে প্রায়ই বিমান দুর্ঘটনার ঘটনা ঘটছে।
গত সপ্তাহেও ইরানের নিয়মিত বিমানবাহিনীর একটি মার্কিন নির্মিত এফ-৪ যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় এক পাইলট নিহত হন।
