পুলিশপ্রধান হলেন আলী হোসেন ফকির

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ এএম

চাকরি জীবনে একাধিকবার বঞ্চিত অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্স, এমকম এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন। পুলিশের এই কর্মকর্তাকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। ১৯৯৭ সালে শেখ হাসিনার প্রথম আমলে আলী হোসেন ফকির আওয়ামী রোষানলের শিকার হন। তাকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান।

কর্মজীবনে তিনি চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্বপালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। এরপর তিনি জাতিসংঘ মিশনে যান। সেখানেও তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে পুরস্কৃত হন। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয় তাকে। সেখানে থাকা অবস্থায় ২০২২ সালে শেখ হাসিনার সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

তিনি বাংলাদেশ পুলিশের হয়ে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এ ছাড়া এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

আলী হোসেন ফকিরের সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। পারিবারিক জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।

বাহারুলের মেয়াদ বাতিল : আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আইজিপি পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তার নিজস্ব আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত