বগুড়া-৬ আসনে জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন না

দুই আসনে ভোট ৯ এপ্রিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৪ এএম

রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন থাকলেও বগুড়া-৬ আসন থেকে জিয়া পরিবারের কেউ অংশ নিচ্ছেন না। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র।

সূত্র জানায়, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দুই আসনে জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ ছেড়ে দিয়েছেন। অনিবার্য কারণে এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচন ঘিরেই সম্ভাব্য প্রার্থী নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমানের নাম। তবে এ আসন থেকে জিয়া পরিবারের কেউ উপ-নির্বাচনে অংশ নিচ্ছেন না।

এদিকে গতকাল সকালে নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ জানিয়েছেন, বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের শূন্য পদে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করে জয়লাভ করেছিলেন। এতে তফসিলের নিয়মানুযায়ী তাকে যে কোনো একটি আসন ছেড়ে দিতে হতো। তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

এ আসনে দলটির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিগত দিনে এ আসন থেকে নির্বাচন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি এখান থেকে জয়ী হন। ২০১৮ সালে এ আসনে নির্বাচিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপ-নির্বাচনে জয়ী হন গোলাম মোহাম্মদ সিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত