পিলখানা হত্যাকাণ্ডে দোষীদের বিচার দাবি জামায়াতের

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ এএম

২০০৯ সালে পিলখানায় সেনাহত্যার ‘প্রকৃত রহস্য’ উদঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যেসব নিরীহ-নিরপরাধ ব্যক্তি কারাগারে আটক আছেন, তাদের মুক্তি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। তাছাড়া পিলখানা ট্র্যাজেডি দিবস উপলক্ষে সারা দেশে জামায়াতে ইসলামীর শাখা সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় পরিকল্পিতভাবে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে মর্মান্তিকভাবে হত্যা করে। আমরা নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে মূলত দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার ষড়যন্ত্র করে। স্বৈরাচারী আওয়ামী সরকার এ দুঃখজনক ও মর্মান্তিক ঘটনায় অনেক নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়ে কারাগারে আটক রাখে। অনেকে নির্দোষ প্রমাণিত হলেও ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের কারণে তাদের মুক্তি মেলেনি।’

গোলাম পরওয়ার বলেন, “চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন ঘটে। দেশ আজ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করেছে। নতুন সরকার গঠিত হয়েছে। জনগণ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেনা হত্যার নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে চায়। আমরা বর্তমান সরকারের কাছে দেশপ্রেমিক সব সেনা হত্যার ‘প্রকৃত রহস্য’ উদঘাটন করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত