র‍্যাপার থেকে প্রধানমন্ত্রী? নেপালে দৌড়ে এগিয়ে বালেন শাহ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ এএম

নেপালের র‍্যাপার থেকে রাজনীতিক হয়ে ওঠা বালেন্দ্র 'বালেন' শাহ আগামী ৫ মার্চের সাধারণ নির্বাচনের পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় গণমাধ্যমের পূর্বাভাসে উঠে এসেছে।

৩৫ বছর বয়সী এই নেতা গত সেপ্টেম্বরের যুব-নেতৃত্বাধীন আন্দোলনের পর ব্যাপকভাবে আলোচনায় আসেন। ওই আন্দোলনে ৭৭ জন নিহত হন এবং তৎকালীন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলি পদত্যাগে বাধ্য হন। সে সময় তরুণদের উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শাহ তাদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। 

রাজনীতিতে আসার আগে বালেন শাহ প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামোর সমালোচনামূলক র‍্যাপ গানের মাধ্যমে পরিচিতি পান। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি বর্জ্য ব্যবস্থাপনা, নগর অবকাঠামো উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করার মতো উদ্যোগে গুরুত্ব দেন, যা তাকে সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় করে তোলে। 

তিনি একটি মধ্যপন্থী নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর প্রতিনিধিত্ব করছেন। দলটি তাদের ঘোষণাপত্রে প্রতিবেশী চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে। শাহর উত্থান নেপালের ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি—কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) এবং নেপালি কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

তবে হিউম্যান রাইটস ওয়াচসহ কয়েকটি মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে, মেয়র থাকাকালে শাহ পথের দোকানদার ও ভূমিহীনদের বিরুদ্ধে পুলিশি অভিযান পরিচালনা করেছেন। জাতীয় নির্বাচনে অংশ নিতে তিনি জানুয়ারিতে মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।
মূলধারার গণমাধ্যম এড়িয়ে চললেও সামাজিক মাধ্যমে শাহ অত্যন্ত সক্রিয়। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা ৩৫ লাখের বেশি, যেখানে তিনি নিয়মিত প্রচারণার আপডেট ও নির্বাচনী প্রচারের ছবি শেয়ার করে থাকেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত