আজই সাতপাকে ঘুরবেন বিজয়-রাশমিকা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ এএম

বহুদিনের জল্পনা, গুঞ্জন আর অগণিত ভক্তের কৌতূহলের অবসান। আজই সাতপাকে ঘুরবেন দক্ষিণী সিনেমার দুই আলোচিত তারকা জুটি মুখ বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। সংক্ষেপে তারা পরিচিতি পেয়েছেন ‘বিরোশ’ নামে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নাম দিয়ে ঘোষণা দিয়েছেন তারা। এরপর থেকেই বলিউড থেকে টালিউড সবখানেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ‘বিরোশ’ নামটি নতুন নয়। বেশ কয়েক বছর ধরেই ভক্তরা এই যুগলকে ভালোবেসে এ নামেই ডাকেন। গত ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বিজয় ও রাশমিকা জানান, তাদের সম্পর্কের যাত্রাপথে ভক্তদের দেওয়া এই নাম বিশেষ জায়গা করে নিয়েছে। এ কারণে বিয়ের নামও রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’।

ভারতের রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। বলিউড ও দক্ষিণী সিনেমার নামকরা তারকাদের মতোই কঠোর ও পূর্ব শিডিউল অনুসারেই চলছে বিয়ের আয়োজন। আনুষ্ঠানিকতা চলছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায়। স্থানীয় প্রশাসন ও হায়দরাবাদ থেকে আনা হয়েছে নিরাপত্তারক্ষীর দল। পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে যুক্ত করা হয়েছে। গণমাধ্যমকেও রাখা হয়েছে দূরে। এ কারণে সাংবাদিকদের তাকিয়ে থাকতে হচ্ছে সোশ্যাল মিডিয়ার দিকে। রাশমিকা ও বিজয়ের ফেসবুক আইডি থেকে কে, কখন, কী পোস্ট আসে সেটার অপেক্ষায় গণমাধ্যম। জানা গেছে, বিয়ে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। ঐতিহ্য আর তারকাখ্যাতির মেলবন্ধনে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ এখন বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত আয়োজন। এখন ভক্তদের অপেক্ষা রাজকীয় সেই বিয়ের মুহূর্তগুলোর জন্য।

বিয়ের আয়োজন নিয়েও মিলেছে নতুন তথ্য। জমকালো তারকাখচিত অনুষ্ঠানের মধ্যেও দক্ষিণ ভারতের ঐতিহ্যকে প্রাধান্য দিচ্ছেন এই তারকা জুটি। অতিথিদের জন্য রাখা হয়েছে কলাপাতায় পরিবেশিত ভোজ। দক্ষিণ ভারতীয় সংস্কৃতিতে কলাপাতায় খাবার পরিবেশন সমৃদ্ধি ও শুভ সূচনার প্রতীক হিসেবে বিবেচিত। পাশাপাশি আপ্যায়নে বিশেষভাবে থাকবে ডাবের পানি যা পবিত্রতা ও আন্তরিক আতিথেয়তার চিহ্ন।

সেখানে লেখা ছিল, ‘আসন্ন দিন, মাস ও বছরগুলো যেন যৌথ স্বপ্ন ও তার পূরণে ভরে ওঠে। ভাবনা ও ভালোবাসা নিয়ে তারা যেন দায়িত্ব ভাগ করে নেয়, একে অপরের অপূর্ণতাকে আপন করে নেয়, একে অপরের শক্তি থেকে শেখে এবং জীবনের পথে সত্যিকারের সঙ্গী হিসেবে এগিয়ে চলে।’

এর আগে গত রবিবার বিজয়-রাশমিকা তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে বিয়ের কথা নিশ্চিত করেন। তাদের বার্তায় লেখা ছিল, আমাদের প্রিয়জনরা, আমরা নিজেদের জন্য কিছু ভাবার বা ঠিক করার আগেই তোমরা আমাদের পাশে ছিলে। এত ভালোবাসা দিয়ে তোমরাই আমাদের একটি নাম দিয়েছ। তোমরা আমাদের ‘বিরোশ’ বলে ডেকেছ। তাই আজ ভরা হৃদয়ে, তোমাদের সম্মানে আমাদের এই মিলনকে একটি নাম দিচ্ছি। আমরা এর নাম রাখতে চাই ‘দ্য ওয়েডিং অব বিরোশ’।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহেই বাগদাস সম্পন্ন করেন বিজয় ও রাশমিকা মন্দানা। ৪ অক্টোবর বাগদানের বিষয়টি নিশ্চিত করে বিজয়ের একটি টিম ।

সর্বশেষ সর্বাধিক পঠিত