মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৫ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতি ছিল সামান্য। দেশের ক্রিকেটারদের নিয়ে দুটো দল আর সঙ্গে অনূর্ধ-১৫ বালক ক্রিকেটারদের নিয়ে একটা দল গড়ে চ্যালেঞ্জ কাপ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। এবার জুনে ইংল্যান্ডে হতে যাওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে দেশে হবে মেয়েদের বিপিএল। এরপর দেশে শ্রীলঙ্কার সঙ্গে একটা সিরিজ খেলে বিশ্বকাপ খেলার আগে স্কটল্যান্ডে নেদারল্যান্ডসকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যালয়ে বিসিবি’র নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা মতিন সাংবাদিকদের জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির বহরটা বড় হচ্ছে, ‘বাছাই পর্বে তারা (নারী দল) অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে, ৭টা ম্যাচ জিতে তারা বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। তারা যাচ্ছে ইংল্যান্ডে, বিশ্বকাপ খেলতে। তার আগে আমরা যেটা করছি, একটা হচ্ছে বিপিএল। তার আগে একটা হোম সিরিজ হচ্ছে, (শ্রীলঙ্কার বিপক্ষে), এরপর আমরা একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছি স্কটল্যান্ডে; স্কটল্যান্ড, নেদারল্যান্ডসকে নিয়ে। এই জিনিসগুলো আমরা এরই মধ্যে পরিকল্পনা করে ফেলেছি।’
৪ মার্চের ভেতর আগ্রহী প্রতিষ্ঠানদের কাছ থেকে আগ্রহপত্র চেয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ফি প্রতি মৌসুমের জন্য ২৫ লাখ টাকা, পরবর্তী সময়ে প্রতি মৌসুমের জন্য ১৫ শতাংশ করে বাড়বে। আপাতত ৩ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেবে বিসিবি। চ্যাম্পিয়নরা পাবে ৮০ লাখ টাকা। বিসিবি’র ওয়েবসাইটে বিপিএলের খেলোয়াড়দের পারিশ্রমিক কাঠামোও প্রকাশ করা হয়েছে। আইকন ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা, এ গ্রেডে ৭ লাখ টাকা, বি গ্রেডে ৫ লাখ টাকা। অন্তত দুজন বিদেশি ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিদের একাদশে অন্তর্ভুক্ত করতে হবে, বিদেশিদের ক্ষেত্রে ‘এ’ গ্রেডে পারিশ্রমিক ধরা হয়েছে ৮০০০ ডলার, বি গ্রেডে ৬০০০ ডলার ও সি গ্রেডে ৩০০০ ডলার। কারা খেলতে আসবে সেই ব্যাপারে রুবাবা জানিয়েছেন, ‘বেশ কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ার অলরেডি আগ্রহ দেখাচ্ছে। এটা আমরা ভেরি সুন আপনাদের একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাব কোন টিমরা এখানে ইন্টারেস্ট শো করেছে। তারপরে তারা এলে ওই প্লেয়ারদের সঙ্গে যোগাযোগ করবে এবং তারপরে প্লেয়ারদের নিয়োগ হবে। বাট বেশ ভালো ভালো কিছু স্টার প্লেয়ারও আছে যারা ইন্টারেস্ট শো করছে।’ ভারতের ক্রিকেটারদের বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অনাপত্তিপত্র দেয় না বিসিসিআই। রুবাবা জানিয়েছেন, নির্দিষ্ট কোনো দেশের ব্যাপারে আলাদা করে কোনো ভাবনা নেই, ‘উই আর ওপেন টু অল একচুয়ালি। এরকম স্পেসিফিকি কোনো কান্ট্রি স্পেসিফিক কিছু নেই।’
বিপিএলে আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিজ্ঞতাগুলো ভালো নয় বিসিবি’র। রুবাবা চাইছেন সেসব থেকে শিক্ষা নিয়ে পরিচ্ছন্ন রাখতে মেয়েদের বিপিএলকে, ‘আমরা অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলেছি যে কীভাবে আমরা পেমেন্টগুলোকে এনসিওর করব এবং এনসিওর করব যে টাইমলি যাতে এটা ডিসবারসমেন্ট হয়, যে প্লেয়ারের যেটা পাওনা সেটা যাতে যায়। অ্যান্ড যারা টিম ওনার হবে আমরা সেভাবে করে সিলেকশনগুলো করব। এটা ফার্স্ট টাইম হতে যাচ্ছে, সো আই হোপ যে আমরা ভালো কিছু ওনারস পাব যাদের ওই ধরনের ক্রেডিবিলিটি আছে এবং ওই ধরনের সামর্থ্যটা আছে।’