চন্দনাইশে ডাকাত দলের গুলিতে গরুর মালিক নিহত, ৩ গরু লুট

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাত দলের গুলিতে  চন্দন দে (৭০) নামে এক গরুর মালিক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত চন্দন দে ও পাশ্ববর্তী নিতাই দের বাড়ি থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায় তারা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত চন্দন দে একই এলাকার মৃত রেবতী দের ছেলে।

পুলিশ ও স্থানীয় জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে একটি হাইস গাড়ি নিয়ে ৫ থেকে ১০ জন ডাকাত চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া চন্দন দে ও নিতাই দের বাড়ির গোয়ালঘরে হানা দেয়। ডাকাতেরা বাড়ির গোয়ালঘর থেকে গরু লুট করতে গেলে চন্দন দে বাধা দেন। তখন তাকে গুলি করে গুরুতর জখম করে ডাকাত সদস্যরা । এরপর তারা হাইস গাড়ি করে তিনটি গরু নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় চন্দন দে’কে উদ্ধার করে স্থানীয়রা বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ জানান, তিনি ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত