চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে জুতাপেটার অভিযোগ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে টিউবওয়েল চুরির অভিযোগে এক যুবককে গ্রাম্য সালিশের নামে নির্যাতনের অভিযোগ উঠেছে। এসময় বিচারের নামে তাকে ৫০ বার জুতাপেটা ও জোরপূর্বক মাথা ন্যাড়া করার ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সম্প্রতি উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রাকিব (২৪) স্থানীয় খোরশেদ আলমের ছেলে, পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।

এবিষয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে  স্থানীয় আ. লতিফ ভান্ডারী,  ইউনিয়ন সদস্য দ্বীন ইসলাম, রতনসহ বেশ কয়েক জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এরপর বিষয়ঠি জানাজানি হয়।

স্থানীয়রা জানায়, ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে ফতেপুর গ্রামের হারুনের বাড়ি থেকে একটি টিউবওয়েলের মাথা চুরি হয়। পরে বাগুলি রাস্তায় মান্নানের দোকানের মোড় এলাকা থেকে মানিক ও জহিরুলের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে স্থানীয় আ. লতিফ ভান্ডারী, দ্বীন ইসলাম (মেম্বার), রতনসহ কয়েকজন রাকিবকে তার বাড়ি থেকে ডেকে ফতেপুর স্কুল মাঠে আয়োজিত এক সালিশে নিয়ে যান। সেখানে টিউবওয়েল চুরির অভিযোগে তাকে দায়ী করা হলে রাকিব অভিযোগ অস্বীকার করেন। এতে উপস্থিত কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে সালিশে উপস্থিত দ্বীন ইসলাম মেম্বারের নির্দেশে সেরন বেপারী নামে এক ব্যক্তি রাকিবকে ৫০টি জুতাপেটা করেন। পরে লতিফ ভান্ডারীর নির্দেশে রতন নামের আরেক ব্যক্তি মেশিন দিয়ে তার মাথার চুল কেটে অর্ধন্যাড়া করে দেন। এ সময় রাকিবকে রক্ষা করতে তার ফুফাতো ভাই শরীফ এগিয়ে এলে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। রাকিবের মা শিরিনা আক্তার ও ফুফু আরজুদা এগিয়ে এলে তাদেরও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় স্বর্ণালংকার লুটপাটের ঘটনাও ঘটেছে।

তবে গ্রাম্য বিচারের সভাপতি লতিফ ভান্ডারী অভিযোগ অস্বীকার করে বলেন, সে চুরি করেছে এবং হাতেনাতে ধরা পড়েছে। বিচারে স্বীকারোক্তি দিয়েছে। অভিভাবকরা শাস্তি দিয়েছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত