গত ২৩ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষেই ২৫৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তা ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় স্কোর। তিনদিনের মধ্যে সেই স্কোরকেও ছাড়িয়ে গেলো ভারত এবং তা জিম্বাবুয়ের বিপক্ষেই। গতকাল ছাড়িয়ে গেছে ভারত। ৪ উইকেটে ২৫৬ রান এই ফরম্যাটের বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানও তাদের।
চেন্নাইয়ে জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ঝড় তুলেছেন ভারতের সবাই। শুরুটা করে দেন অসুস্থ বাবাকে দেখতে দল থেকে ছুটি নেয়া রিংকু সিংয়ের জায়গায় সুযোগ পাওয়া সনজু স্যামসন। অভিশেক শর্মাকে নিয়ে ৩ ওভারেই ৪৬ রান তুলে দেন স্কোরবোর্ডে। ১৫ বলে ২৪ রান করে তিনি বিদায় নেবার পর অভিষেকের সঙ্গে যোগ দিয়ে জিম্বাবুয়েকে তুলোধুনো করতে থাকেন ইশান কিশান। ২৬ বলে ফিফটি করেন অভিষেক। টি–টুয়েন্টিতে এটি তাঁর অষ্টম ফিফটি, টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম। অভিষেকের ফিফটির পরই ২৪ বলে ৩৮ রান করে সিকান্দার রাজার বলে আউট হয়েছেন কিশান। ১৩তম ওভারে দলকে দেড়শর ঘরে নিয়ে গিয়ে আউট হন অভিশেষ শর্মা। প্রথম তিন ম্যাচ শূণ্যের হ্যাটট্রিক, চতুর্থটিতে ১৫ রান করা এই বাহাতি ৩০ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৫ করে আউট হন।
অধিনায়ক সূর্যকুমার মাত্র ১৩ বলে ৩৩ করে যখন আউট হন ভারতের স্কোর ১৫ ওভারে ১৭২। শেষ ৫ ওভারে ৮৪ রান করেছে ভারত হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মার হারকিউলিস ব্যাটিংয়ে। দুজনে ছক্কা হাকিয়েছেন ৮টি। ২৩ বলে ৫০ করে অপরাজিত থাকেন হার্দিক। এশিয়া কাপের ফাইনালের সেরা খেলোয়াড় তিলক ১৬ বলে করেন ৪৪। ভারতের সবার স্ট্রাইক রেট ছিল ১৫০ এর বেশি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৬/৪ (অভিষেক ৫৫, পান্ডিয়া ৫০; রাজা ১/২৯, মুজারাবানি ১/৪৩)
