হাতে এলো একুশে পদক
অবশেষে একুশে পদক হাতে নিলেন দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে ববিতা এই সম্মাননা গ্রহণ করেন। পদকপ্রাপ্তির পর নন্দিক এই অভিনেত্রী বলেন, ‘অবশেষে একুশে পদকপ্রাপ্ত হলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেছি। আমাকে রাষ্ট্রের এই সর্বোচ্চ সম্মাননায় ভূষিত করায় রাষ্ট্রের প্রতি, এ দেশের মানুষের প্রতি, দর্শকের প্রতি মন থেকে আন্তরিক কৃতজ্ঞতা। দেশের মানুষের কাছে আমার অনেক ঋণ। কারণ আমি সিনেমাতে অভিনয় করেছি। আর এই দেশের মানুষ আমাকে তাদের ভালোবাসা দিয়ে সম্মানিত করেছেন। একুশে পদক রাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ সম্মাননা। এই সম্মাননা প্রাপ্তির পর সত্যিই মনটা ভরে গেছে আনন্দে, খুশিতে। আমি আবারও বলছি, আমি এই পদকটি শ্রদ্ধেয় শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানকে উৎসর্গ করলাম। কারণ তার হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা। তাই আমার একুশে পদকপ্রাপ্তি তাকেই শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করছি। সবাইকে ধন্যবাদ।’
ইত্যাদিতে হাবিব চমক
নিয়মিত ইত্যাদির তুলনায় ঈদের বিশেষ ইত্যাদির একটি বড় অংশ জুড়েই থাকে বিভিন্ন ধরনের গান। তবে ঈদ ইত্যাদির গানগুলো যাতে বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক হয়, সেজন্য নির্মাতা হানিফ সংকেত ঈদ ইত্যাদির গানের শিল্পী-কথা-সুর ও নির্মাণ বৈচিত্র্য নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন। যে কারণে প্রতিটি ঈদ ইত্যাদির গানই দর্শকদের কাছে প্রশংসিত হয়। সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপকভাবে ছড়িয়ে যায়। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এই সময়ের তরুণ প্রজন্মের কাছে প্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। ফাগুন অডিও ভিশন জানায়, গানটি দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকরা গানটি লুফে নেবেন। ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনায়, দর্শকদের অংশগ্রহণে গানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা যেভাবে গানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন, একবার শুনেই শিল্পীর সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়েছেন তাতে আশা করা যায় এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরও একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছেন দর্শক-শ্রোতারা।
চার মাস পর প্রকাশ্যে
মা হওয়ার পর থেকেই প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত বছর নভেম্বরে ভিকি কৌশল ও ক্যাটরিনা তাদের প্রথম সন্তান ‘বিহান’-এর জন্ম দেন। তারপর সেভাবে আর কোথাও দেখা যায়নি অভিনেত্রীকে। প্রায় চার মাস পর জনসমক্ষে আসেন ক্যাটরিনা। তবে তিনি কোনো সিনেমায় সাইনও করবেন না আপাতত। ছেলেকে নিয়েই এখন পুরোপুরি ব্যস্ত ক্যাটরিনা। এরই মধ্যে মুম্বাইয়ের রাস্তায় ক্যামেরাবন্দি হয়ে নেটদুনিয়ায় ভাইরাল হন তিনি। ছবিতে ক্যাটরিনাকে দেখা যাচ্ছে তার ব্যক্তিগত গাড়ির ভেতরেই। সঙ্গে ছিলেন তার দীর্ঘদিনের বন্ধু তথা জনপ্রিয় ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। ক্যাটরিনার পরনে ছিল একটি সাধারণ কালো রঙের জাম্পার এবং মুখে ছিল কালো মাস্ক। মাতৃত্বের এই নতুন অধ্যায়ে ক্যাটরিনা যে জাঁকজমক এড়িয়ে একেবারেই সাদামাটা থাকতে পছন্দ করছেন, তার এই লুকই যেন তার প্রমাণ। পাপারাজ্জিদের ক্যামেরা দেখে মাস্ক না খুললেও, গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে এবং হাসিমুখে অভিবাদন জানান তিনি। তার চেহারায় ছিল অদ্ভুত প্রশান্তি ছাপ।
আসছে মাসুমের দুই গান
দেশীয় সংগীতাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেওয়া তরুণ কণ্ঠশিল্পী মাসুম আবারও দর্শক-শ্রোতাদের মধ্যে হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে নেওয়া এই শিল্পী সম্প্রতি সম্পন্ন করেছেন দুটি নতুন গানের মিউজিক ভিডিওর কাজ। গান দুটি হলো ‘ভালোবাসি তোমায়’ ও ‘এ হৃদয়’। এগুলোর শুটিং হয়েছে জিএম রিসোর্টের মনোরম ও নান্দনিক পরিবেশে। গান দুটির সংগীতায়োজন করেছেন অমিত ও ভিডিও পরিচালনা করেছেন শামীম আহসান। মাসুম ও শুভর কথা-সুরের গানগুলো প্রযোজনা করেছে শুভ মিউজিক বাংলা। গানচিত্র দুটিতে মডেলিং করেন জয়া। কণ্ঠশিল্পী মাসুম বলেন, ‘জয়া একজন দক্ষ ও জনপ্রিয় অভিনেত্রী। তার অভিনীত বহু নাটক দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। আমার দুটি মিউজিক ভিডিওতে তিনি অভিনয় করেছেন এটি আমার জন্য আনন্দের। গানগুলো খুব যতœ নিয়ে তৈরি করা হয়েছে। আশা করি প্রকাশের পর দর্শকদের ভালো লাগবে। খুব শিগগিরই গান দুটি শুভ মিউজিক বাংলা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হবে।’