বাবরকে খোঁচা মেরে আকমল বললেন ‘তুলনা করতে চাইনি’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

ফর্মহীনতায় ভোগা বাবর আজমকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের সাবেক ক্রিকেটার উমর আকমল দেওয়া একটি পোস্ট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ওই পোস্টে তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দুই ভিন্ন ম্যাচের দুটি ইনিংসের তুলনামূলক ছবি প্রকাশ করেছিলেন। এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন আকমল।

পোস্টে একটি ছবিতে ছিল ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আকমলের ৫৪ বলে ৯৪ রানের ইনিংস। সে ম্যাচে পাকিস্তান শুরুতে ২৫ রানে ২ উইকেট হারালেও আকমলের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৯১ রান তোলে। পরে ম্যাচ জিতে নেয় ১৬ রানে। অন্য ছবিটি চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাবর আজমের ২৪ বলে ২৫ রানের ইনিংসের। ওই ম্যাচে পাকিস্তানের ১৬৪ রান তাড়া করে শেষ ওভারে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

সমর্থকেরা মনে করছেন, ওই পোস্টের মাধ্যমে আকমল নিজেকে বাবর আজমের সঙ্গে তুলনা করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া ব্যাখ্যায় আকমল দাবি করেন, তার উদ্দেশ্য কাউকে খাটো করা নয়। আকমল লিখেছেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, বাবর আজমের সঙ্গে নিজের তুলনা করা কখনোই আমার লক্ষ্য ছিল না। বর্তমানে সে বিশ্বের সেরা ব্যাটারদের একজন এবং তার অর্জনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।’

আকমল আরও লিখেছেন, ‘আমার উদ্দেশ্য ছিল শুধু এটুকু তুলে ধরা যে টি–টোয়েন্টি ক্রিকেটে বাবর মিডল অর্ডারের ব্যাটার নন। কারণ ওই পজিশন তার ব্যাটিং শৈলীর সঙ্গে পুরোপুরি মানানসই নয়। এখানে কোনো তুলনা ছিল না। শুধু এই সংস্করণে ব্যাট হাতে অবদান রাখার বিষয়ে একটি বক্তব্য ছিল। এটি কেবল একজন সমর্থকের পুনঃপ্রকাশিত পোস্ট, ইচ্ছাকৃতভাবে সম্পাদিত কিছু নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত