হৃদয় ম্লান জিশানের মারকুটে সেঞ্চুরিতে, ৩২৩ তাড়া করে জয় সেন্ট্রালের

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ও তানজিদ তামিমের বলে বলে ৯২ রানের ইনিংসে ৭ উইকেটে ৩২২ রান তুলে নর্থ জোন ভেবেছিল ম্যাচটা তারা জিতে যাবে। কিন্তু জিশান আলমের ৯৩ বলে ১২৭ রানের ইনিংসের সাথে মাহফিজুল ইসলাম রবিনের ফিফটি আর মোসাদ্দেক হোসেন সৈকতের ২৬ বলে ৫৪ রানের ক্যামিওতে শেষ ওভারে নাটকীয় জয় তুলে নিয়েছে সেন্ট্রাল জোন। ২ উইকেটের এই জয়ে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের তারা। ২ মার্চ নর্থ জোনের সাথেই ফাইনাল খেলবে সেন্ট্রাল। 

হৃদয় ব্যাটিংয়ে নেমেছিলেন দলের বিপর্যয়ের সময়ে। ইনিংসের দ্বিতীয় ওভার শেষ হওয়ার আগেই ৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছিল নর্থ। সেখান থেকে তানজিদ হাসানের সঙ্গে ১৩৫ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন হৃদয়। তাঁর আগেই অবশ্য তানজিদের সেঞ্চুরি পাওয়ার কথা ছিল। কিন্তু রিপন মণ্ডলের বলে ছক্কা মারতে গিয়ে মাহফিজুল ইসলামের হাতে ক্যাচ তুলে দেন। ৯ চার ও ৪ ছক্কায় ৯২ বলে ৯২ রান করেন তানজিদ।

তাঁর বিদায়ের পর দলকে টেনে নিতে থাকেন হৃদয়। ইনিংসের শুরুতে কিছুটা ধীরস্থির ছিলেন। ফিফটি পেতে তাঁর লেগেছিল ৬৮ বল। কিন্তু পরের ফিফটিটা তিনি পেয়ে যান ৩৮ বলেই। সেঞ্চুরির পর অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি হৃদয়। আবু হায়দারের বলে বোল্ড হয়ে গেছেন।

তাওহীদ হৃদয় সেঞ্চুরির পর

১১৩ বলের ইনিংসে কোনো ছক্কা না মেরেই ১০২ রান করেছেন হৃদয়, তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার। উত্তরাঞ্চলের বড় সংগ্রহের পেছনে সাব্বিরের অবদানও অনেক। শেষ দিকে ৫১ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন এই ক্রিকেটার। উত্তরাঞ্চলের ফাইনাল খেলা অবশ্য অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আগের দুই ম্যাচে।

এবারের বিসিএলে প্রথম সেঞ্চুরিটা এসেছিল হৃদয়েরই দলের আকবর আলীর ব্যাট থেকে। পরে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণাঞ্চলের আফিফ হোসেন। হৃদয় পেলেন বিসিএল ওয়ানডের তৃতীয় সেঞ্চুরি, পরে চতুর্থ সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন জিশান আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত