শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছাড়ছেন সনাথ জয়াসুরিয়া

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১১:৫০ এএম

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে তিনটি পরপর হারের পর শ্রীলঙ্কার হেড কোচ সনাথ জয়াসুরিয়া পদত্যাগ করতে যাচ্ছেন। গ্রুপ পর্বে জিম্বাবুয়ের কাছে হারের পরও সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। এই পর্বে তারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে পরপর হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। ২০১৪ সালের শিরোপাজয়ী দলটির জন্য যোগ হলো আরেকটি হতাশা।

২০২৪ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে যোগ দেন। এরপর ২০২৪ সালের অক্টোবরে পূর্ণকালীন দায়িত্ব পান। তার চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত থাকলেও শ্রীলঙ্কার বিশ্বকাপ ব্যর্থতার পর তিনি আগেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২০১৪ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে শ্রীলঙ্কা টি–টোয়েন্টি বিশ্বকাপে কখনও সেমিফাইনালে উঠতে পারেনি।

জয়াসুরিয়ার অধীনে শ্রীলঙ্কা ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় পেয়েছে ৩৪টি। জয়ের হার ৪৫ শতাংশ। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ইতোমধ্যেই কয়েকজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা শুরু করেছে। এসএলসি সিইও অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘আমরা কিছু বিদেশি কোচের সঙ্গে আলোচনা করছি। পরিচয় প্রকাশের সময় এখন নয়। আলোচনা চূড়ান্ত হলে জনসমক্ষে ঘোষণা করা হবে।’

শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচ সিরিজ হবে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে, যা হবে মার্চের মাঝামাঝি সময়ে। শ্রীলঙ্কা ক্রিকেট এখন নতুন নেতৃত্ব এবং সম্ভাব্য বিদেশি কোচ নিয়ে বড় পরিবর্তনের পথে এগোচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত