জয়পুরহাটের কালাইয়ে পরকীয়া সন্দেহে দ্বিতীয় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল বারী সাইদুরের বিরুদ্ধে। এরপর থেকে পলাতক রয়েছেন আব্দুল বারী সাইদুর (৫৫)। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোছাম্মদ খালেদা (৩৫) ওই এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই যুগ আগে রঘুনাথপুর গ্রামের মৃত মভেজ আলীর ছেলে আব্দুল বাকী সাইদুরের সঙ্গে একই উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে মোছাম্মদ খালেদার সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে আব্দুল বারী ঘর জামাই হিসেবে শ্বশুর বাড়িতে থাকেন। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। শনিবার দুপুরে স্ত্রী মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলে এমন সন্দেহে স্ত্রীকে মারধর করে সোনার গহনা কেড়ে নেন বারি। ওই দিন সন্ধ্যায় স্থানীয়ভাবে স্বামী স্ত্রীর মধ্যে মিমাংসা করে দেন। কিন্তু রাত ৩টার দিকে স্বামী তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) দীপেন্দ্রনাথ সিংহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সন্দেহের জেরে হত্যা করে পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে।
