ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাডা জেলায় একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে 'সূর্য শ্রী ফায়ারওয়ার্কস' নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভেটলাপালেম গ্রামের একটি খালের পাশে অবস্থিত কারখানায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায়। তীব্র কম্পনে পাশের একটি স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে।
নিহতদের অধিকাংশই নারী শ্রমিক। গুরুতর আহত অন্তত আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে অনেক মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় শনাক্তকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, কারখানায় অনুমোদিত সীমার চেয়ে বেশি আতশবাজি মজুত ও উৎপাদন করা হচ্ছিল, যা বিস্ফোরণের কারণ হতে পারে।
ঘটনার পর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তাৎক্ষণিক খোঁজ নেন এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
