দুবাইয়ে আটকা পড়েছেন শুভশ্রী

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৩:৫৭ পিএম

ছেলে ইউভানকে নিয়ে হোটেলবন্দি টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ৫ মার্চ সেখান থেকে  কলকাতায় ফেরার টিকিট কিনেছেন তিনি। কিন্তু শনিবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও আমেরিকা। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে আটকে রয়েছেন একাধিক ভারতীয়।  দুবাইতে পৌঁছানোর পর থেকেই সেখানকার পরিস্থিতি ক্রমে বদলাতে শুরু করে। বর্তমানে  হোটেলবন্দি অভিনেত্রী শুভশ্রী এবং ছেলে ইউভান। তারা ভালো আছেন, এমনটাই খবর অভিনেত্রীর পরিবার সূত্রের। 

তবে কলকাতায় বসে স্বাভাবিকভাবেই চিন্তার প্রহর গুনছেন শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী। তিনি বলেন, ‘শনিবারই (২৮ ফেব্রুয়ারি) শুভশ্রী আর আমার ছেলে ইউভান দুবাই গেছে। ওরা ফ্লাইট থেকে নামার কিছুক্ষণ পরেই সমস্ত বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। ওরা নিরাপদভাবে হোটেলে পৌঁছায়।’ 

রাজ  আরও বলেন, ‘দুবাইয়ের পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ওখানকার সরকার বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেয়। যতটা সম্ভব নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলা হয়। যদিও এখন ওরা নিরাপদেই আছে, তবু বাড়ির লোকজন চিন্তায়। ওরাও ওখান থেকে চিন্তা করছে। আমার ওখানকার বন্ধুবান্ধব, আত্মীয়রা সবাই সবার মতো করে খেয়াল রাখছে। তবে যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তো একটা চিন্তা থেকেই যায়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত