অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের আগে ইরান নারী ফুটবল দলের সংবাদ সম্মেলনে যুদ্ধ ও রাজনীতির প্রসঙ্গ তুলতেই তা থামিয়ে দেওয়া হয়। কোচ ও অধিনায়ক স্পষ্ট করে জানিয়ে দেন—এই মুহূর্তে তাঁদের একমাত্র লক্ষ্য ফুটবলেই মনোযোগ রাখা।
অস্ট্রেলিয়ার জয়ের মধ্য দিয়ে রবিবার শুরু নারী এশিয়ান কাপে সোমবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচ ইরানের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রসঙ্গ তুলে প্রশ্ন করলে, ইরান নারী দলের কোচ মারজিয়েহ জাফারি ফারসিতে উত্তর দেন। তবে সঙ্গে সঙ্গেই এশিয়ান ফুটবল কনফেডারেশনের মিডিয়া প্রতিনিধি আলোচনায় হস্তক্ষেপ করে বলেন, “এই প্রশ্ন এখানেই শেষ। ধন্যবাদ। চলুন, আমরা শুধু খেলাটার দিকেই মনোযোগ দিই।” এরপর বাকি পুরো সংবাদ সম্মেলনজুড়েই আলোচনায় ছিল প্রস্তুতি, দলগত পরিকল্পনা ও ম্যাচের কৌশল।
রবিবারই নিশ্চিত করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং তেহরান থেকেও একাধিক দেশের দিকে পাল্টা হামলার খবর এসেছে।
এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ইরান নারী জাতীয় ফুটবল দল প্রস্তুতি নিচ্ছে নিজেদের প্রথম ম্যাচের জন্য। সংবাদ সম্মেলনে কোচ মারজিয়েহ জাফারি বলেন, “ইরানে আমাদের খেলোয়াড়রা নিয়মিত লিগে খেলেছে এবং সেখান থেকেই তারা প্রস্তুত ছিল। এরপর আমরা দুই থেকে তিনটি অনুশীলন ক্যাম্প করেছি। অস্ট্রেলিয়ায় এসে আরও দুই–তিনটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পেয়েছি। আমি আশা করি, আগামীকাল আমরা সবাইকে একটি সুন্দর ম্যাচ উপহার দিতে পারব।”
দলের অধিনায়ক জাহরা ঘানবারি–ও জানান, সাম্প্রতিক পরিস্থিতি দলকে মানসিকভাবে ভাঙতে পারেনি। তিনি বলেন, “ইরানেই আমরা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। এখানে এসেও প্রস্তুতি ভালো হয়েছে। আগামীকালের ম্যাচে আমরা পুরো মনোযোগ দিয়ে খেলতে চাই, যেন ভালো পারফরম্যান্স ও ভালো ফল করতে পারি।”
এই টুর্নামেন্ট থেকেই বাছাই হবে ২০২৭ সালের নারী বিশ্বকাপের দলগুলো। নিজের লক্ষ্য সম্পর্কে ঘানবারি বলেন, “এটা আমার দ্বিতীয় এশিয়ান কাপ। এখানে অনেক শক্তিশালী ও অভিজ্ঞ দল খেলছে। আমরা জানি, কোরিয়া, অস্ট্রেলিয়া ও ফিলিপাইনসের বিপক্ষে ম্যাচগুলো খুব কঠিন হবে। তবু আমাদের লক্ষ্য পরিষ্কার—গ্রুপ থেকে কোয়ালিফাই করা এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা।”
বিদায় বেলাও রেকর্ড সেঞ্চুরিতে রাঙালেন অ্যালিসা হিলি