ইরানের সঙ্গে খেলার কারণে ভিসা পেলেন না বিশ্বকাপজয়ী: ট্রাম্পের শরণাপন্ন

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম

রবিবার নিউইয়র্কে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনাল, যেখানে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনা। স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার ঐতিহাসিক মুহূর্তটি মাঠে বসে সতীর্থ ও সন্তানদের সাথে উপভোগ করার স্বপ্ন ছিল দেশটির ২০১০ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার হুয়ান ক্যাপদেভিলার। কিন্তু শেষ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্রমণ অনুমতি না পাওয়ায় তার সেই স্বপ্ন এখন ভাঙার মুখে।

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ার পর ৪৮ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ তারকা সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য 'ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন' (ইএসটিএ)-এর মাধ্যমে আবেদন করতে হয়। কিন্তু ক্যাপদেভিলার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ক্যাপদেভিলা লিখেছেন:

'আমার সাহায্য প্রয়োজন ডোনাল্ড ট্রাম্প! তারা আমাকে কেবলই জানালো যে আমি আমার সন্তানদের নিয়ে ফাইনাল দেখতে যেতে পারব না, কারণ আমার ইএসটিএ আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

ভিয়ারিয়াল ও দেপোর্তিভোর সাবেক এই রক্ষণভাগের খেলোয়াড় আরও যোগ করেন, "কেউ কি আমাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন? ২০১০ সালের সব সতীর্থদের সাথে সেখানে থাকা এবং এই দলটিকে গ্যালারিতে বসে সমর্থন করার জন্য আমি কতটা উন্মুখ ছিলাম, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি বিশ্বাসই করতে পারছি না যে তারা আমাকে যুক্তরাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না... এবং আমার সন্তানদের নিয়ে এমন একটি মুহূর্ত আমি মিস করব, যারা ফুটবলকে এতটা ভালোবাসে।"

পরিস্থিতির সমাধানে ক্যাপদেভিলা মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এবং স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কেও তার পোস্টে ট্যাগ করেছেন।

কেন বাতিল হলো ভ্রমণ অনুমতি?

স্প্যানিশ রেডিও স্টেশন কোপেকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপদেভিলা জানান, ২০১৬ সালে ইরানের রাজধানী তেহরানে একটি প্রীতি ম্যাচ খেলার কারণেই হয়তো তাকে এই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হয়েছে। ওই বছর লা লিগা কিংবদন্তিদের একটি দলের হয়ে ইরানের অল-স্টার দলের বিপক্ষে মাঠে নেমেছিলেন ২০০৮ সালের ইউরোজয়ী এই ডিফেন্ডার।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসির পক্ষ থেকে হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত