গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে : নাহিদ ইসলাম

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, গণভোটের রায়কে বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। আদালতকে যদি নিজেদের দলীয় এজেন্ডার কারণে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করা হয়, তার পরিণতি খুবই করুণ হবে। তিনি বলেন, এই একই প্রচেষ্টার মধ্য দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের পতন শুরু হয়েছিল। বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান- গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন করুন। গণভোটের গণরায়ের মাধ্যমে নতুন সরকারের যাত্রা শুরু হোক- আমরা সেটা প্রত্যাশা করি।

সোমবার (২ মার্চ) এনসিপি- চট্টগ্রাম বিভাগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

চাঁদাবাজ ও দুর্ণীতির বিরূদ্ধে লড়াইকে আরও বেগবান করার আহ্বান জানিয়ে এনসিপি এই শীর্ষ নেতা বলেন, শুধু ঢাকা থেকে নেতৃত্ব দিলে হবেনা, চট্টগ্রাম থেকেও চাঁদাবাজির বিরূদ্ধে কঠোর প্রতিবাদ তৈরি হতে হবে। চাঁদাবাজি, দুর্ণীতি ও দখলদারিত্বের বিরূদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের পাশে দাঁড়ান, ছোট-মধ্যবিত্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ান, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ান। যাতে কোন চাঁদাবাজ-সন্ত্রাস এই চট্টগ্রামে থাকতে না পারে।

চট্টগ্রামে এখনো ফ্যাসিস্টদের আস্ফালন চলছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আমরা পরিস্কারভাবে বলতে চাই এনসিপি ও পতিত আওয়ামী লীগ ফ্যাসিস্ট একসাথে থাকতে পারেনা। যে জায়গায় আওয়ামী লীগের কার্যক্রম শুরু হবে সেই জায়গায় এনসিপি থাকবে, নয় আওয়ামী লীগ থাকবে। যদি এনসিপির দশ জন কর্মীও থাকে সেখানে আওয়ামী লীগ যেন কোন অফিস খোলার সুযোগ না পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। 

তিনি বলেন, আধিপত্যবাদের বিরূদ্ধে আমাদের যে সংগ্রাম, সেই আধিপত্যবাদ কেবল ভারতীয় আধিপত্যবাদ নয়। বাংলাদেশের স্বার্থের বিরূদ্ধে যে পরাশক্তি যাবে সে সকল আধিপত্যবাদের বিরূদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। সাম্প্রতিক সময়ে ইরান-আমেরিকার যে দ্বন্দ্ব, যেখানে মুসলিম বিশ্বের নেতা আয়াতুল্লাহ খামেনীকে শহীদ করা হয়েছে- সেই প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তা দেখে আমাদের খুবই কষ্ট লেগেছে। বাংলাদেশ আবারও কোন নতজানু পররাষ্ট্র নীতির কবলে পড়লো কিনা বাংলাদেশের জনগণের মনে সেই প্রশ্ন তৈরি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে। কেন তাকে দায়িত্ব দেওয়া হলো, কোন পরাশক্তির স্বার্থ রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হলো, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর পুরস্কার হিসেবে দেওয়া হলো কিনা- সেই প্রশ্ন দেখা দিয়েছে। 

ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের সাংগঠনিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা রাজপথের লড়াই চালিয়ে যাবো। পাশাপাশি জাতীয় সংসদে আমরা আমাদের বক্তব্য রাখবো। আমরা সংখ্যায় ছয়জন হতে পারি। কিন্তু বাংলাদেশর প্রত্যেকটা জনগণের কথা আমরা সংসদে বলে যাবো। তিনি বলেন, চট্টগ্রাম বীরের শহর, ইতিহাসের শহর, আন্দোলনের শহর- এই চট্টগ্রাম থেকেই আগামীতে নেতৃত্ব তৈরি হবে। শুধু ব্যবসা-বাণিজ্য নয়, রাজনীতি-সংস্কৃতিতেও চট্টগ্রাম ভূমিকা রাখবে। আমরা চট্টগ্রামকে শক্তিশালী ঘাটি হিসেবে গড়ে তুলতে চাই। 

চট্টগ্রাম নগরীর কিং অব চিটাগাং কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বিশেষ অতিথি ছিলেন। চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মো. জহিরুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত