মুরাদনগরে কথিত বান্ধবীসহ মাদক ব্যবসায়ী রিগান গ্রেপ্তার 

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কথিত বান্ধবী ইমা আক্তারসহ (৩০) মাদক ব্যবসায়ী রিগান মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের বাখরাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বাখরাবাদ এলাকার একটি বাড়িতে মাদক বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান চালায়। অভিযানে রিগান ভুইয়া ও তার সহযোগী কথিত বান্ধবী ইমা আক্তার সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে রিগান মিয়ার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৪০০ টাকা উদ্ধার এবং তার সহযোগী ইমা আক্তারের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে কথিত বান্ধবী ইমা আক্তার কে ভাড়া বাসায় রেখে তাকে দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে রিগান মিয়া।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, মাদক বিরোধী অভিযানে কথিত বান্ধবী ইমার ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত