ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের জন্য এলো আবারও শেষ মুহূর্তের হতাশা। তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে ২-১ গোলে হেরে চাপে পড়ে গেছে লিভারপুল। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে লিভারপুল কোচ আর্নে স্লট বললেন, 'সেই একই পুরোনো গল্প।'
মোলিনিউক্সে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আন্দ্রের জয়সূচক গোল লিভারপুলকে আরেকটি ধাক্কা দেয়। গোলের পর উলভস কোচ রব এডওয়ার্ডস টাচলাইনে দৌড়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। আর শেষ বাঁশির আগেই খালি হতে থাকে লিভারপুল সমর্থকদের গ্যালারি।
মৌসুমজুড়ে যখনই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে লিভারপুল, তখনই হোঁচট খেয়েছে তারা। লিগে এখনো নয় ম্যাচ বাকি। তবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার আশঙ্কা বাস্তব হয়ে উঠছে। আর্থিক দিক থেকেও যা বড় ধাক্কা হতে পারে।
ম্যাচ শেষে স্লট বলেন, 'মৌসুমের শুরুতে আমাদের নিয়ে প্রত্যাশা বেশি ছিল। এখন আমরা কী নিয়ে লড়ছি, সেটাই বদলে গেছে। এটা আরেকটা ধাক্কা। নিজেদেরই সাহায্য করতে পারিনি। তলানির দলগুলোর বিপক্ষে পয়েন্ট হারানো উদ্বেগের বিষয়। যদিও এখানে এর আগে অ্যাস্টন ভিলা ও আর্সেনালও পয়েন্ট হারিয়েছে।'
এই মৌসুমে লিভারপুল পাঁচবার ইনজুরি সময়ে গোল হজম করে হারল—এক মৌসুমে যা তাদের জন্য রেকর্ড। অধিনায়ক ভিরজিল ফন ডাইক বলেন, 'আমরা ধীর ছিলাম, অনুমানযোগ্য ছিলাম। বল দখলে ভুল করেছি, সিদ্ধান্তেও ভুল ছিল। সেই একই পুরনো গল্প। এমন খেললে এমন ফলই হবে।'
অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে আত্মবিশ্বাসী উলভস। এর আগে তারা হারিয়েছিল অ্যাস্টন ভিলাকে। লিগের তলানিতে থেকেও শীর্ষ পাঁচে থাকা দুই দলকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা।
এডওয়ার্ডস বলেন, 'এটা লিভারপুল ফুটবল ক্লাব। তাদের হারাতে পারলে মুহূর্তটা উপভোগ করতেই হবে। তারা দারুণ দল, দারুণ কোচ ও অসাধারণ খেলোয়াড়দের নিয়ে।' গোলের পর দৌড়ে উদযাপন করতে গিয়ে নিজেই চোট পেয়েছেন বলেও মজা করে জানান তিনি।
উলভসের প্রথম গোলদাতা রদ্রিগো গোমেস বলেন, 'আমরা কঠিন অবস্থায় আছি। কিন্তু বিশ্বাস রাখতে হবে। ম্যাচ ধরে ধরে এগোতে হবে।'
লিগে নিরাপদ অঞ্চল থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থাকলেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার উলভসের। সামনে এফএ কাপে আবারও মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচেও চমকের আশা দেখছেন স্বাগতিক সমর্থকেরা।
শুধু ক্রিকেটার কেন, পিসিবি কর্তাদেরও জরিমানা হওয়া উচিৎ: আমির
ভারত–ইংল্যান্ড সেমিফাইনাল: ওয়াংখেড়েতে জ্বলে উঠবেন অভিষেক?