টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে অনুমিতভাবেই পাকিস্তান ক্রিকেটে শুরু হলো নাটক। প্রথম দৃশ্যেই ‘আত্মবলিদান’ দিলেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার আলিম দার। তিনি পিসিবির নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে সাবেক ক্রিকেটার সরফরাজ আহমেদকে টেস্ট দলের কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালে পাকিস্তান জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব নেন আলিম দার। তবে বিশ্বকাপে দলের ভরাডুবির পর কমিটির অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও কাজ করার স্বাধীনতা হারানোর অভিযোগ তুলে সরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু কেন পদত্যাগ করলেন আলিম দার? পাকিস্তানি গণমাধ্যম বলছে, বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে মতপার্থক্যই ছিল মূল কারণ। আলিম দার নাকি বাবর আজম ও শাদাব খানকে বিশ্বকাপ দলে নেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন।
চলতি বিশ্বকাপে এই দুজনের পারফর্মেন্সই ছিল জঘন্য। শাদাব খান তবু কিছু রান পেলেও বাবর আজম একেবারেই নিষ্প্রভ ছিলেন। পাকিস্তান সুপার এইটের বাধা পেরোতে পারেনি। তার ওপর ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে। এরপর খেলোয়াড়দের ওপর আর্থিক জরিমানা আরোপ করে বোর্ড। কিন্তু আলিম দারের পদত্যাগ ইঙ্গিত দিচ্ছে, সমস্যা কেবল মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়।
আলিম দার নাকি পারফরম্যান্সভিত্তিক নির্বাচন নীতির পক্ষে ছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন, অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নির্দিষ্টভাবে ছয় নম্বরে খেলানো হোক। সেইসঙ্গে যারা ধারাবাহিক নন, তাদের বাদ দেওয়া হোক। তবে তার এই প্রস্তাব নাকচ হয়ে যায়। শেষ পর্যন্ত বাবর আজম ও শাদাব খান দলে থাকেন এবং টুর্নামেন্টে ব্যাপক সমালোচিত হন।
আলিম দারের আরেকটি বড় অভিযোগ ছিল প্রধান কোচ মাইক হেসনের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’। চূড়ান্ত দল নির্বাচনে নাকি কোচের প্রভাব অস্বাভাবিকভাবে বেশি ছিল। নির্বাচক আকিব জাভেদও নাকি মাইক হেসনকে সমর্থন দিয়েছেন। অধিনায়ক সালমান আলী আগা কিংবা কমিটির অন্য সদস্যরা এই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেননি। এতে আরও বিস্মিত হয়েছিলেন আলিম দার।
নিজেকে একঘরে মনে করা এবং স্বাধীন মত প্রকাশের সুযোগ না থাকায় ৫৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটকর্তা মনে করেন, তাঁর থাকা আর অর্থবহ নয়। আলিম দারের পদত্যাগের পর নির্বাচক কমিটিতে এখন রয়েছেন আকিব জাভেদ, আসাদ শফিক ও ডেটা বিশ্লেষক উসমান হাশমি। আসন্ন আন্তর্জাতিক চক্রের আগে নির্বাচনী কাঠামো পুনর্গঠন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পিসিবির জন্য।
এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভি জানিয়েছে, বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। গত কয়েকমাস ধরেই পাকিস্তান টেস্ট দলের কোনো কোচ ছিল না। বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে পারেন সরফরাজ। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ঋতুপর্ণার সেই শট নিয়েই আফসোস বাংলাদেশের
বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে কখনও হারেনি দক্ষিণ আফ্রিকা
ভারত–ইংল্যান্ড সেমিফাইনাল: ওয়াংখেড়েতে জ্বলে উঠবেন অভিষেক?