শ্রীলঙ্কার উপকূলে ইরানি জাহাজ ডুবিতে ১৪০ জন নিখোঁজের আশঙ্কা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৭:৪৮ পিএম

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ‘আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করা একটি ইরানি যুদ্ধজাহাজ’ ডুবিয়ে দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে, তারা আজ ভোরে ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে বিপদসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুধিকা সম্পথ বলেন, যদিও ঘটনাস্থল আমাদের জলসীমার বাইরে ছিল, এটি আমাদের অনুসন্ধান ও উদ্ধার এলাকার মধ্যে পড়ে। তাই আন্তর্জাতিক বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের সাড়া দেওয়া বাধ্যতামূলক ছিল।

তিনি আরও বলেন, আমরা পানিতে ভাসমান কিছু লোককে দেখি, তাদের উদ্ধার করি, পরে জিজ্ঞাসাবাদে জানতে পারি তারা ইরানের একটি জাহাজের সদস্য। জাহাজের নথি অনুযায়ী জাহাজটিতে ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে, যদিও কতজন নিখোঁজ তা এখনো নিশ্চিত নয়।

মুখপাত্র আরও বলেন, উদ্ধার অভিযান শুরু করার সময় তারা জাহাজটি দেখতে পাননি, তবে পানিতে তেলের স্তর এবং ভাসমান লাইফ র‍্যাফট দেখতে পান। জাহাজটি ডোবার পেছনে সাবমেরিন হামলার যে প্রতিবেদন এসেছে, তা তিনি প্রত্যাখ্যান করেন এবং কারণ এখনো অজানা।

এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, এয়ার ভাইস মার্শাল সম্পথ থুইয়াকোন্থা বিবিসি সিংহলাকে বলেন, প্রায় ১৪০ জন নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কার সামরিক বাহিনী নিশ্চিত করতে পারেনি যে কী কারণে জাহাজটি ডুবেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত