চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ে নিয়ে গলা কেটে শিশু ইরা মনি (৮) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত বাবু শেখ ওরফে মাহবুব আলম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে জবানবন্দি দেওয়ার পর বিচারক সায়মা আফরীন হীমা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ২৭ এপ্রিলের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সরোয়ার হোসাইন লাভলু জানান, আসামি আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন এবং ঘটনার দায় স্বীকার করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, অভিযুক্তকে আদালতে হাজির করা হলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আইনজীবীরা তার সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।
উল্লেখ্য, গত রবিবার (১ মার্চ) দুপুরে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার পাহাড়ি পথ থেকে গলাকাটা অবস্থায় শিশু ইরা মনিকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিন দিন চিকিৎসাধীন থাকার পর ৩ মার্চ ভোরে হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।
গোপালগঞ্জে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 