প্রথমবার এশিয়ান কাপ খেলতে গিয়ে শক্তিশালী চীনের বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। নয়বারের চ্যাম্পিয়নদের কাছে ২-০ গোলে হেরে গেলেও মারিয়া-ঋতুপর্ণাদের পারফর্মেন্স সবার মন জয় করে নিয়েছে। আগামীকাল শুক্রবার উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে কোরিয়ান কোচের মুখেও শোনা গেল বাংলাদেশের প্রশংসা।
আজ বৃহস্পতিবার সিডনি ওয়েস্টার্ন স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কোচ রিসন হো বলেন, ‘আমি এখানে এসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি এবং আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। উদাহরণস্বরূপ, তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, তারা বেশ দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’
রিসন হোর কাছে প্রশ্ন ছুটে যায়- বাংলাদেশের কোন শক্তিগুলোকে তারা চ্যালেঞ্জ মনে করছেন? জবাবে কোরিয়ার কোচ বলেন, ‘অবশ্যই আমি আগামীকালের ম্যাচ নিয়ে চিন্তিত। কারণ আমি দেখছি যে আমাদের গ্রুপের বাকি তিনটি দলই খুব শক্তিশালী। কোনো দলকেই খাটো করে দেখার সুযোগ নেই। তাই আমি মনে করি আগামীকালের ম্যাচটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মূলতঃ আমি তাদের আক্রমণভাগের তিন জন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা) নিয়ে আমি সতর্ক, যিনি বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন। আমি আগেই বলেছি, তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি অনেক বেশি। আক্রমণ এবং রক্ষণ—উভয় ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে। তাই আগামীকালের ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
গোলকিপার মিলি যেন এলভিস প্রিসলি: বাটলার
কিরণকে ধুয়ে দিলেন বাটলার