বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স এবার নতুন এক চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন। শ্রীলঙ্কা জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী ১৬ মার্চ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
জেমি সিডন্স বাংলাদেশের ক্রিকেটে অত্যন্ত পরিচিত মুখ। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকারা বিশ্বমানের ব্যাটার হিসেবে গড়ে ওঠেন। পরবর্তীতে ২০২২ সালে তিনি আবারও বিসিবির ব্যাটিং কোচ এবং ডেভেলপমেন্ট পর্যায়ে কাজ করার জন্য ফিরে এসেছিলেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দিয়েছে। তার মূল লক্ষ্য থাকবে আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য লঙ্কান মেয়েদের প্রস্তুত করা।
সিডন্সের জন্য নতুন এই যাত্রার শুরুটা হচ্ছে বেশ নাটকীয়ভাবে। লঙ্কান নারী দলের কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশ সফর। আগামী এপ্রিল ও মে মাসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিনি ঢাকায় আসবেন। যে দেশের ক্রিকেটকে তিনি হাতের তালুর মতো চেনেন, সেই দেশেই শুরু হবে তার নতুন অধ্যায়।
কেলেঙ্কারি: হোটেলে নারী কর্মীর সঙ্গে অশোভন আচরণ পাকিস্তানি ক্রিকেটারের, জরিমানা