পাথরের নিচে লুকানো ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত, কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্ল্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে.কর্ণেল তানজিলুর রহমান  জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত