ব্রাহ্মণবাড়িয়ায় ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

প্রেস ব্রিফিংয়ে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে সরাইল ব্যাটালিয়ন।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৫ হাজার ৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হলেও পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
 
বুধবার (১৪ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভাগলপুর এলাকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এ অভিযান চালায়। একই দিন দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ।
 
 
বিজিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীন আলীনগর বিওপির একটি টহল দল বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
 
এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিল। টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে কার্টন ফেলে পালিয়ে যায় তারা। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৪৮টি ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
 
জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। উদ্ধার করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 
প্রেস ব্রিফিংয়ে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে সরাইল ব্যাটালিয়ন। ব্যাটালিয়নের সাম্প্রতিক অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল ইস্কাফ সিরাপ, ২৭৫ বোতল বিদেশি মদ এবং ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।
 
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ অক্টোবর পর্যন্ত প্রায় এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১২৩ কোটি টাকার অন্যান্য চোরাচালানি পণ্য রয়েছে।
 
এ সময়ে এসব ঘটনায় ২৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।
 
২৫ বিজিবির অধিনায়ক আরও বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাসংলগ্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
 
সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সর্বশেষ সর্বাধিক পঠিত