কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে জেলার যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকা থেকে প্যান্ট পিসগুলো জব্দ করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, গোপন খবর পেয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় টহলদল অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে পাচারের উদ্দেশ্যে রাখা ১ হাজার ভারতীয় প্যান্ট পিস জব্দ করে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে।
এছাড়া সীমান্ত দিয়ে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
