মোহামেডানের সভাপতির দায়িত্ব নিয়ে শহীদ জিয়াকে স্মরণ করলেন বরকত উল্লাহ বুলু

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ হয়ে গেল রাজধানীর ঢাকা ক্লাবে। দীর্ঘ পাঁচবছর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও ক্লাবের উন্নয়নের স্বার্থে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন হয়েছে। সভাপতি-পরিচালকদের ১৭ জনই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। সভাপতির দায়িত্ব নিয়ে ক্রীড়াক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরেছেন বিএনপির সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

নতুন সভাপতি বরকত উল্লাহ এমপি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ করেন এবং বাংলাদেশের ক্রীড়ায় নতুন উদ্যমে একটি প্রাণ সঞ্চার করেছিলেন। তিনি যদি বিকেএসপি প্রতিষ্ঠা না করতেন, বাংলাদেশে এত ক্রীড়াবিদের জন্ম হতো না। যদি ঢাকা স্টেডিয়ামকে আধুনিকায়ন না করতেন, ফ্লাডলাইট না দিতেন, বাংলাদেশের ফুটবল এত উন্নত হতো না।’

তিনি বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি। আরেকজনকে স্মরণ করছি, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে যিনি অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। তার নাম হলে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান ও আরাফাত রহমান কোকো। প্রধানমন্ত্রী তারেক রহমান একজন স্পোর্টস ঘরানার মানুষ। উনি নিজেও ক্রিকেট এবং ফুটবল খেলতেন।’

সবাইকে ধন্যবাদ জানিয়ে মোহামেডান সভাপতি বলেন, ‘আমাকে সভাপতি নির্বাচিত করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমরা যেন সঠিকভাবে, সৎভাবে এই ক্লাবের পথযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি।’

মোহামেডানের নতুন কমিটি

মোহামেডানের নির্বাচনে নতুন পরিচালকরা হলেন

লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত