সিলেট সদর উপজেলার কল্লগ্রাম ও খাদিমপাড়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে খাল ভরাট করার দায়ে মো. আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ড্রেজারও জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ) সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ।
অভিযান সূত্রে জানা যায়, আব্দুল হান্নান অবৈধভাবে পার্শ্ববর্তী কৃষিজমির টপ সয়েল কেটে ‘হৈরখাল’ নামক খাল ভরাট করছিলেন। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে খাল ভরাটের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছিলো।
ঘটনাস্থলে যাচাই-বাছাই করে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তির ওই জমিতে কোনো বৈধ মালিকানা কিংবা মাটি কাটা ও ভরাটের অনুমতিপত্র নেই। এ ঘটনায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ লঙ্ঘনের দায়ে মো. আব্দুল হান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
