যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মোক্ষম জবাব দিয়ে যাচ্ছে ইরানও। তবে পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক এক গণমাধ্যম। গণমাধ্যমটি বলছে কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন। এ ছাড়া ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন জানিয়েছেন আল-জাজিরার প্রতিবেদকেরা। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
সোমবার সারা দিন ধরেই পরিস্থিতি এমন ছিল-প্রতি এক বা দুই ঘণ্টা অন্তর এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। এদিন ইসফাহানসহ অন্যান্য বড় শহরগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় হামলা হওয়ায় সেখানে উদ্বেগ বাড়ছে। এ ছাড়া গভর্নরের কার্যালয়েও হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত একটি প্রাচীন প্রাসাদও বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।