হাইতিতে ড্রোন হামলায় প্রাণহানি ১২০০ ছাড়াল

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম

হাইতির নিরাপত্তা বাহিনীর গ্যাংবিরোধী অভিযানে চালানো বিস্ফোরক বহনকারী ড্রোন হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি জানায়, গত বছরের মার্চ থেকে রাজধানী পোর্ট-আ-প্রিন্স এর ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক সংযুক্ত কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে এসব অভিযান চালানো হচ্ছে, যা সাম্প্রতিক মাসগুলোতে আরও বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব অভিযানে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সামরিক কোম্পানি ভেক্টাস গ্লোবাল, যার নেতৃত্বে রয়েছেন এরিক প্রিন্স। প্রতিষ্ঠানটিকে হাইতিতে সেবা রপ্তানির জন্য লাইসেন্স দিয়েছে  মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, তারা প্রাণঘাতী শক্তির অবৈধ ব্যবহারের একাধিক ঘটনা নথিভুক্ত করেছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত হাইতির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চ থেকে চলতি বছরের ২১ জানুয়ারি পর্যন্ত ড্রোন হামলায় ১,২৪৩ জন নিহত এবং ৭৩৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৩ জন প্রাপ্তবয়স্ক বেসামরিক নাগরিক ও ১৭ জন শিশু রয়েছে। শিশুদের অর্ধেকেরও বেশি, যাদের বয়স ছিল ৩ থেকে ১২ বছরের মধ্যে, গত সেপ্টেম্বর একটি স্পোর্টস সেন্টারে হামলায় নিহত হয়—যেখানে একটি স্থানীয় গ্যাং উপহার বিতরণ করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত