মেসির ৯০০ গোল হলো না, প্রতিপক্ষের মাঠে হোঁচট খেল মায়ামি

আপডেট : ১২ মার্চ ২০২৬, ১১:০৭ এএম

লিওনেল মেসির ক্যারিয়ারের ৯০০তম গোলের অপেক্ষা আরও বাড়ল। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক ন্যাশভিল এসসির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইন্টার মায়ামি। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই জমে উঠেছে ফিরতি লেগে।

জিওডিস পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের পুরো ৯০ মিনিটে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচে গোলকিপারদের নৈপুণ্যই সবচেয়ে বেশি নজর কেড়েছে। ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে এবং ইন্টার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন।

বিশেষ করে শোয়াকে একটি দারুণ সেভ করে মেসির সম্ভাব্য ৯০০তম ক্যারিয়ার গোল ঠেকিয়ে দেন। দ্বিতীয়ার্ধে গোলের খুব কাছাকাছি গিয়েছিল দুই দলই। ৫৬তম মিনিটে বক্সের ভেতর থেকে মেসির নেওয়া শট দারুণভাবে ঠেকিয়ে দেন শোয়াকে। ফিরতি বলে ইন্টার মায়ামির ফরোয়ার্ড জার্মান বেরতেরামে শট নিলেও সেটি প্রতিপক্ষের গায়ে লেগে বাইরে চলে যায়।

অন্যদিকে ৬৯তম মিনিটে ন্যাশভিলের তারকা মিডফিল্ডার হানি মুখতার প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন। তার নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ম্যাচের শেষ দিকে আক্রমণ বাড়ায় ন্যাশভিল। ৮১তম মিনিটে অ্যালেক্স মুইল বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও সেটি ডিফ্লেক্ট হয়ে কর্নারে যায়।

এই ড্রয়ের ফলে শেষ আটে ওঠার ভাগ্য নির্ধারণ হবে ফিরতি লেগে। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চেজ স্টেডিয়ামে আবার মুখোমুখি হবে দুই দল।

এই টাইয়ের বিজয়ী কোয়ার্টার ফাইনালে খেলবে মেক্সিকোর ক্লাব আমেরিকা অথবা যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত