পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৩০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ উপহার (হাদিয়া) বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ যোহর ঈশ্বরগঞ্জ পৌর শহরের ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের হাতে পাঁচ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা তুলে দেওয়া হয়।
জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক ‘জনতার ঈশ্বরগঞ্জ’ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্যের নিজস্ব তহবিলের অর্থায়নে এই ঈদ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও সংগঠনের দায়িত্বশীল সদস্যরা প্রত্যেক ইমাম-মুয়াজ্জিনের হাতে নগদ অর্থ তুলে দেন।
উপহার পেয়ে তারুন্দিয়া ইউনিয়নের মামধীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মো. শরিফুল ইসলাম বলেন, ‘ইমাম ও মুয়াজ্জিনদের দিকে সাধারণত কেউ তেমন দৃষ্টি দেয় না। জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের সম্মানিত করেছে। মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।’
‘জনতার ঈশ্বরগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক এবং অ্যাডমিন আরিফুল হকের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আহসানুল্লাহ কাসেমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী।
ঈদ হাদিয়া বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জনতার ঈশ্বরগঞ্জের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আতাউর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য ফেরদৌস কুরাইশী টিটু, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা যাইনুল আবেদীন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমজাদ হোসেন সোহেল, রেজাউল করিম রাজু, লায়ন সৈয়দ মোশারফ হোসেন সরকার, পরিচালনা কমিটির সদস্য এহছানুল হক, আব্দুল্লাহ আল মামুন বায়েজিদ এবং আমানাহ একাডেমির পরিচালক মারুফ আল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর সাখাওয়াত হোসেন, শরিফুল আলম, পারভেজ, মোহাম্মদ মুস্তাকিম, মাসুম মিয়াসহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবগণ।
এ বিষয়ে ‘জনতার ঈশ্বরগঞ্জ’-এর প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, ‘ঈদকে সামনে রেখে আমাদের এই উদ্যোগে যদি ইমামদের মুখে সামান্য হাসি ফোটে, তাহলেই আমরা নিজেদের সফল মনে করব। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই জনতার ঈশ্বরগঞ্জ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ