আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমতলী উপজেলা বিএনপি বর্তমানে ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু ঐক্যবদ্ধ এই সংগঠনকে ভাঙতে একটি ষড়যন্ত্রকারী মহল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ব্যবহার করে এবং কিছু অনলাইন পোর্টালে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন দলীয় কর্মসূচিতে দেওয়া তার বক্তব্যের খণ্ডিত অংশ কেটে এডিট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে, যাতে দল ও জনগণের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

জালাল উদ্দিন ফকির বলেন, “আমি ছাত্রদলের ১০ বছর, যুবদলের ১০ বছর এবং দীর্ঘদিন আমতলী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে আমি বহু নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছি। তারপরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি থেকে কখনো বিচ্যুত হইনি।”

তিনি আরও বলেন, আমতলী পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের নেতা-কর্মীরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকায় একটি মহল আতঙ্কিত হয়ে এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণাও দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদলের সভাপতি মো. কবির উদ্দিন ফকির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফঅজ্জল হোসেন এবং আঠারগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ফারুক হোসেন মৃধা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত