ইউরোপা লিগে এমি মার্তিনেজদের কষ্টার্জিত জয়

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:০২ এএম

ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফ্রান্সের ক্লাব লিলকে তাদের নিজ মাঠে ১–০ গোলে হারিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা। ম্যাচের একমাত্র গোলটি করেন দলের ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স।

ডেকাথলন এরিনা স্তাদ পিয়ের-মরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ৬১তম মিনিটে ম্যাচের পুরো ধারা পাল্টে দেন ওয়াটকিন্স। সতীর্থ এমিলিয়ানো বুয়েন্দিয়ার বাড়ানো বল ধরে দুর্দান্ত হেডে গোল করেন তিনি। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

ম্যাচ শেষে ওলি ওয়াটকিন্স বলেন, “আমি আনন্দিত যে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জয় এনে দিতে পারলাম। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং আগামী ম্যাচের জন্য নতুন উৎসাহ যোগ করবে। আমরা জানি এখনও লড়াই শেষ হয়নি।”

গোল খেয়ে লিল আরও আক্রমণ চালানোর চেষ্টা করে। মিডফিল্ডার আমাদু ওনানা দূরপাল্লার শটে গোল কাঠামোর সঙ্গে আঘাত করেন। অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ার জিরুদও একটি হেড করেন, কিন্তু তা গোলের মুখ ঘেঁষে বাইরে চলে যায়।

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি ম্যাচের পর বলেন,“ আজকের জয় খুব গুরুত্বপূর্ণ। কঠিন পরিবেশে খেলতে হয়েছে, কিন্তু খেলোয়াড়রা শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। ওয়াটকিন্সের গোল আমাদের জন্য সঠিক সময়ে এসেছে। আমরা জানি দ্বিতীয় লেগেও একই মনোযোগ ধরে রাখতে হবে।”

এই জয়ের ফলে অ্যাস্টন ভিলা দুই লেগের লড়াইয়ে এগিয়ে গেছে। আগামী সপ্তাহে ইংল্যান্ডে দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে জয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে এবং সেখানে ইতালির ক্লাব বোলোনিয়া বা রোমার সঙ্গে খেলবে। উল্লেখ্য, এই মৌসুমে ওয়াটকিন্সের এটি নবম গোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত