তুরস্কের মধ্যাঞ্চলে শুক্রবার (১৩ মার্চ) ভোরে ৫.৫ মাত্রার একটি মাঝারি শক্তির ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘর ছেড়ে ঠান্ডা উপেক্ষা করে রাস্তায় ও গাড়িতে অবস্থান নেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি (আফাদ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকাত প্রদেশের নিখসার শহরে এবং এর গভীরতা ছিল প্রায় ৬.৪ কিলোমিটার। স্থানীয় সময় ভোর ৩টা ৩৫ মিনিটে কম্পনটি অনুভূত হয় এবং আশপাশের কয়েকটি প্রদেশেও তা টের পাওয়া যায়।
এএফএডি জানায়, ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম হাবারতুর্কের প্রতিবেদনে বলা হয়েছে, আতঙ্কের কারণে অনেক মানুষ ঘরে ফিরতে ভয় পেয়ে রাস্তায় বা গাড়িতে অপেক্ষা করেন।
বড় বড় ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প ঘটে। ২০২৩ সালে দেশটিতে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হন এবং ১১টি প্রদেশে লক্ষাধিক ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। একই ভূমিকম্পে প্রতিবেশী সিরিয়ার উত্তরাঞ্চলেও প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়।
