সরকারি কর্মকর্তাদের সরকার নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, জনগণের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। নির্ধারিত সময়ে কেউ অফিসে না এলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের ওপর আস্থা রেখে জনগণ বিপুল ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। সেই ইশতেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে হবে।
এর আগে সকালে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালের পরিবেশ অপরিচ্ছন্ন দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ছয় ঘণ্টার আল্টিমেটাম দেন।
আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
