দানোৎসবে মেতেছে বৌদ্ধ বিহার

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

বরগুনার তালতলী উপজেলার সওদাগর পাড়া বিদর্শন বৌদ্ধ বিহার ও সীমা ঘর উৎসর্গ ও জাদি (প্যাগোডা) অভিষেক উপলক্ষে দুই দিনব্যাপী দানোৎসব সম্পন্ন হয়েছে। শনি ও শুক্রবার (১৪-১৩ মার্চ) উপজেলার সওদাগরপাড়া বৌদ্ধ বিহারে যথাযথ ধর্মীয় মর্যাদায় দানোৎসবসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।

উৎসবের শুরুতে ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ, পুষ্প, প্রদীপ পূজা, অষ্টউপকরণ প্রদানসহ সংঘদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিপুল উপস্থিতিতে ধর্মীয় পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আগাঠাকুরপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভ দানোৎসবে ধর্মদেশনা দান করেন তালতলীপাড়া জেয়ারামা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পুত্রানন্দা মহাথের। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সিনিয়র সহ-সভাপতি মি. মংথিন জো।

এতে উপস্থিত ছিলেন সওদাগর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ চান্দিমা ভিক্ষু, বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের, কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উচোমানন্দা মহাথের, উ পান্ড্যাংচা ভিক্ষু, উ নান্দা ভিক্ষু ও উ চুরিয়া ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষুসংঘ।

এই দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনে প্রায় চার শতাধিক নারী-পুরুষ দায়ক-দায়িকার উপস্থিতিতে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত