অবাক করা এক ক্রিকেটীয় কীর্তি ঘটেছে! অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অপেশাদার ক্রিকেটে ৫৯০ রানের এক অবিস্মরণীয় জুটি গড়েছেন এক বাবা ও ছেলে। করমন্ডল ক্রিকেট ক্লাবের হয়ে এই ঐতিহাসিক ইনিংস খেলেন ৬৩ বছর বয়সী ড্যারেন চিক এবং তার ৩৮ বছর বয়সী ছেলে স্যাম চিক।
অ্যাডিলেড অ্যান্ড সাবআরবান অ্যাসোসিয়েশন ক্রিকেটে গত শনিবার ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। রোম্যান্ডেল ভ্যালির হয়ে মরফেটভিল পার্কের বিপক্ষে ৪০ ওভারের ম্যাচে ওপেনিং জুটিতে অবিচ্ছিন্ন জুটির ৫৯০ রানের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ছেলে স্যাম চিক ১৩৭ বলে ৪০২ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চার। আর বাবা ড্যারেন চিক ১০৮ বলে ১৭৫ রান করে অপরাজিত থাকেন।
মজার বিষয় হলো, ইনিংসের শুরুতেই ক্যাচ দিয়ে আউট হতে পারতেন স্যাম। মাত্র ২ রানের মাথায় তার দেওয়া সহজ ক্যাচটি ফিল্ডারের আঙুলের ফাঁক দিয়ে ফসকে যায়। সেই ফিল্ডার হাতে বল না পেয়ে মাথায় আঘাত পান। এরপরই শুরু হয় স্যামের তাণ্ডব। একের পর এক বল সীমানার বাইরে আছড়ে ফেলতে থাকেন তিনি।
বাবা ড্যারেন জানান, "স্যাম যখন ৪২টি বিশাল বিশাল ছক্কা মারছিল, তখন মাঠের ছোট বাউন্ডারি কোনো প্রভাবই ফেলেনি। বোলাররা নার্ভাস হয়ে ফুলটস দিচ্ছিল আর ও সেগুলোকে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছিল।"
এই ম্যাচের এক বিশেষ তাৎপর্য রয়েছে ড্যারেন চিকের কাছে। ৩০ বছর আগে ১৯৯৬ সালে, একই ক্লাবের বিপক্ষে ১৮৪ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। সেদিন গ্যালারিতে বসে নয় বছরের ছোট্ট স্যাম তার বাবার জন্য চিৎকার করে উল্লাস করছিল। ৩০ বছর পর আজ সেই ছেলেই বাবার সাথে ক্রিজে থেকে ৪২টি ছক্কা হাঁকালেন।
এবার মাঠের বাইরে ছিল স্যামের দুই ছোট ছেলে (৪ এবং ৬ বছর বয়সী)। তারাও তাদের বাবা ও দাদার এই অবিশ্বাস্য ব্যাটিং দেখে আনন্দে মেতে ওঠে। ড্যারেন চিক ১৯৮৩ সাল থেকে এই ক্লাবে খেলছেন। তার এখন একটাই লক্ষ্য—যতদিন না তার বড় নাতি খেলার উপযোগী হচ্ছে, ততদিন ফিট থেকে অন্তত একটি ম্যাচ নাতির সাথেও খেলা।
৫৯০ রান তাড়া করতে নেমে মরফেটভিল পার্ক মাত্র ১৪৬ রান করতে সক্ষম হয়। তবে বিশাল ব্যবধানে হারলেও তাদের খেলোয়াড়সুলভ মনোভাবের প্রশংসা করেছেন ড্যারেন। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে বাবা-ছেলেকে গার্ড অব অনার দেন তারা।
'খেলায় না জিতলে কি এখন আইসিসি ট্রফি চুরি করবেন?', মহসিন নাকভীকে তোপ
বাংলাদেশের রিভিউ নিয়ে ম্যাচ রেফারির কাছে পাকিস্তানের নালিশ