ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ১০.৭৫ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের উপর আরোপ করা হয়েছে ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা। চেলসি কর্তৃপক্ষের অপরাধ, রোমান আব্রামোভিচের মালিকানার আমলে তারা গোপন আর্থিক লেনদেন করেছিল।
ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, ‘এটি প্রমাণ হয়েছে যে, ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে ক্লাবের সাথে যুক্ত তৃতীয় পক্ষসমূহ খেলোয়াড়, অনিবন্ধিত এজেন্ট এবং অন্যান্য তৃতীয় পক্ষকে অপ্রকাশিত অর্থ প্রদান করেছিল।এই পেমেন্ট বা অর্থপ্রদানগুলো সেই সময়ে প্রিমিয়ার লিগসহ ফুটবল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা হয়নি।এই অর্থপ্রদানগুলো চেলসির সুবিধার জন্য করা হয়েছিল" এবং সেগুলোকে ক্লাবের পক্ষ থেকে করা হয়েছে হিসেবে গণ্য করতে হবে’।
মূলত চেলসির মালিকানা বদলের পর নতুন স্বত্বাধিকারী কর্তৃপক্ষ এই আর্থিক লেনদেনের সন্ধান পায়। ২০২২ সালে মার্কিন বিনিয়োগকারী টড বোহলি এবং ক্লিয়ারলেক ক্যাপিটালের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম যখন ২.৫ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে আব্রামোভিচের কাছ থেকে মালিকানা কিনে নেয়, তখন কিছু সম্ভাব্য নিয়ম লঙ্ঘনের বিষয় সামনে আসে। চেলসি নিজে থেকেই ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে এই বিষয়গুলো রিপোর্ট করার পর শাস্তির ব্যপারগুলো মেনে নিয়েছে।
