‘মনে হচ্ছে পাগলাগারদে আছি’ -শিরোপা কেড়ে নেওয়ায় ফুঁসছে সেনেগাল

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম

আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা সেনেগালের কাছ থেকে কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে তোলপাড় সৃষ্টি করেছে। আফ্রিকা মহাদেশীয় ফুটবল সংস্থার (সিএএফ) এই নজিরবিহীন রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন সেনেগালের ফুটবলাররা।

লিঁওতে খেলা সেনেগালিজ ডিফেন্ডার মুসা নিয়াখাতে তার ইনস্টাগ্রামে ট্রফি হাতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যার একটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি নয়। এটিই বাস্তব।’ মূলত মাঠে জিতে ট্রফি নেওয়ার স্মৃতি যে মুছে ফেলা সম্ভব নয়, সেটিই মনে করিয়ে দিয়েছেন তিনি।

সান্ডারল্যান্ডে খেলা ২২ বছর বয়সী মিডফিল্ডার হাবিব দিয়ারাও পিছিয়ে নেই। তিনি ট্রফি হাতে নিজের ছবির পাশাপাশি ডাকারে সেই ঐতিহাসিক সাত ঘণ্টার ‘ওপেন টপ বাস প্যারেড’-এর ভিডিও শেয়ার করেছেন। রায়ান ভায়োকানোর মিডফিল্ডার পাথে সিস ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করে পাঁচটি ‘হাসির ইমোজি’ যোগ করেছেন, যা ক্যাফের সিদ্ধান্তের প্রতি তার তীব্র বিদ্রূপেরই বহিঃপ্রকাশ।

তুলুজের মিডফিল্ডার পেপ ডেম্বা দিওপ সরাসরি নিজের ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার মনে হচ্ছে আমরা কোনো পাগলাগারদে আছি।’ প্রায় দুই মাস আগে মাঠে ১-০ গোলে জেতা ম্যাচের ফলাফল এভাবে টেবিলের সিদ্ধান্তে ৩-০ মরক্কোর পক্ষে হয়ে যাওয়ায় খেলোয়াড়দের মধ্যে এমন হাহাকার ও ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার রাতে ক্যাফ তাদের দীর্ঘ বিবৃতিতে জানায়, ফাইনাল ম্যাচের সময় পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ মিনিট খেলা বন্ধ রাখায় সেনেগাল ‘অযোগ্য’ বলে বিবেচিত হবে। এর ফলে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়। তবে কেবল সেনেগাল নয়, শাস্তির মুখে পড়েছে মরক্কোও। বল বয়দের বাজে আচরণ এবং লেজার লাইট ব্যবহারের দায়ে মরক্কো ফুটবল ফেডারেশনকে বিশাল অংকের জরিমানা করা হয়েছে। মরক্কোর খেলোয়াড় ইসমাইল সাইবারিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হলেও আপিল বোর্ড তা কমিয়ে এনেছে।

মাঠে সাদিও মানের দল শিরোপা জিতলেও ক্যাফের কাগজ-কলমের এই লড়াইয়ে সেনেগাল এখন পরাজিত। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) গড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত