ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি: ভাইরাল ভিডিওর বাছির মিয়া সেনাবাহিনীর হাতে আটক

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় জড়িত অভিযোগে বাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আটক করেছে সেনাবাহিনী।

জানা গেছে, আটক বাছির মিয়ার পিতার নাম মৃত নুর মিয়া। তিনি মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে তাকে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে। 

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি নজরে নিয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর বাছির মিয়াকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত