রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: আইনমন্ত্রী

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৮:৪০ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, শহীদ জিয়ার আদর্শ অনুযায়ী রাজনীতিকে স্বচ্ছ জায়গায় নিয়ে আসতে হবে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে এসে আমরা শহীদ জিয়ার আদর্শে স্বপ্নের বাংলাদেশ গড়ার মহাসড়কে যাত্রা শুরু করেছি। তিনি উপস্থিত ঝিনাইদহের রাজনীতিবিদদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা রাজনৈতিক দুর্বৃত্বাত্তায়নের পথ থেকে সরে আসুন। অন্যথায় আপনাদের রাজনীতির দ্বার বন্ধ হয়ে যাবে।

রবিবার (২২ মার্চ) রাতে ঝিনাইদহ শহরের জোহান ড্রীম ভ্যালি পার্ক অডিটোরিয়ামে আর্থ সামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন। তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা রাজনীতি করতে এসেছেন। আর আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন, প্লট নেবেন এটা হবেনা। মাননীয় প্রধানমন্ত্রী কেবিনেট মিটিংয়ে এজন্য বলেছেন, আপনারা ভুলে যান আপনারা দলীয় এমপি। সুতরাং আপনারা কোন ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট পাবেন না।

মন্ত্রী আসাদুজ্জামান বলেন, আঙ্গুলের কালো কালির দাগ মুছে যাবার আগেই আমরা ভোটের মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা একটার পর একটা সেগুলো বাস্তবায়ন করছি। আমরা বলেছিলাম বিএনপি ক্ষমতায় গেলে দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করা হবে। তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি ১১ লক্ষের উপরে কৃষক ১০ হাজার টাকা কৃষি লোনের দায়ে দায়বদ্ধ আছে। যার পরিমান দেড় হাজার কোটি টাকা। আমাদের প্রথম কেবিনেট মিটিংয়ের প্রথম সিদ্ধান্ত ছিলো কৃষি লোন মওকুফ করে দেয়া। আমরা তা বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার আগে বলেছিলাম ইমান-মোয়াজ্জিন, পুরোহিত-সেবায়েতদের ভাতার ব্যবস্থা করবো। ইতিমধ্যে সেই কর্মসূচীর উদ্ভোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। খাল খননের কর্মসূচীও উদ্ভোধন করা হয়েছে। বর্তমান সরকার পাইলট প্রজেক্টের আওতায় ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। আগামী পহেলা বৈশাখ কৃষি কার্ডের উদ্ভোধন করা হবে।

ঝিনাইদহ চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত