বৈশ্বিক ও আঞ্চলিক নানা পরিস্থিতির মাঝেও ইরানে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট নেই বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি জানান, দেশের বর্তমান খাদ্য ও জ্বালানি তেলের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট আরেফ বলেন, জ্বালানি তেল এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশের মজুদ ব্যবস্থা বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান যে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সচল রাখতে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে। যদিও কৌশলগত কারণে এসব পরিকল্পনার বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়ে আরেফ উল্লেখ করেন যে, পণ্য সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংকিং সেবা এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম- সবই কোনো ধরনের বিঘ্ন ছাড়াই স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট সব খাত সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে জ্বালানি ও পণ্যের সরবরাহ নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল, ভাইস প্রেসিডেন্টের এই সরাসরি বক্তব্য তার অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে। আল-জাজিরার বরাতে জানা গেছে, সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে যে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবার কোনো ঘাটতি হবে না।
সূত্র: আল-জাজিরা
